চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলাসহ একাধিক মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আরও কয়েকটি মামলায় জামিন প্রশ্নে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামীকাল (১১ মে) দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
আদালত সূত্রে জানা যায়, পৃথক পাঁচটি মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হলে একটি মামলায় জামিন না দিয়ে রুল খারিজ করা হয়। বাকি মামলাগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে দেওয়া হবে।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এসব মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেছিল হাইকোর্ট। পরবর্তীতে গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত একটি মামলায় তাকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে জামিন সংক্রান্ত বিভিন্ন আদেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে একজন আইনজীবীর মৃত্যুর ঘটনা আলোচনায় আসে।
এএন