জামায়াত নেতা এ টি এম আজহারের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:৪৫ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন তার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং পরে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্বের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে বলা হয়, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকলে এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিল বিভাগে এই প্রথম কোনো আসামি খালাস পেলেন।

এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। পরে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ এ বিষয়ে রায় ঘোষণা করে।

২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরবর্তীতে ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয় ২০২০ সালের ১৯ জুলাই। গত বছর ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ ওই আবেদনে লিভ মঞ্জুর করে শুনানির নির্দেশ দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার দাখিল করা হয়।

সর্বশেষ শুনানি শেষে আজ আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করে।

এ টি এম আজহারুল ইসলামকে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি তখন থেকে কারাগারে ছিলেন।

এম জি