সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা পদত্যাগ করেছেন। বুধবার ১৩ মে পারিবারিক কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হন। বৃহস্পতিবার ১৪ মে থেকে কার্যকরভাবে পদত্যাগ করতে চান বলেও জানান তিনি।
তিনি লেখেন, সম্মানিত এই পদে কাজ করা আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা এবং রাষ্ট্রের সেবা করার সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।
পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে এই পদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা বজায় রাখা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
গভীর বিবেচনার পর বর্তমান পরিস্থিতিতে পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন বলে মনে করছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
এছাড়া দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য অ্যাটর্নি জেনারেল ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আঞ্জুমান আরা লিমা বলেন, কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক তার কাছে সবসময় মূল্যবান হয়ে থাকবে।
পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধও জানিয়েছেন তিনি।
এম জি