লিগ্যাল এইডে ৪ লাখ ৬৬ হাজার মামলায় আইনি সহায়তা

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৩:৩১ পিএম

সরকারি খরচে লিগ্যাল এইডের মাধ্যমে ৪ লাখ ৬৬ হাজারের বেশি মামলায় সহায়তা, পরামর্শ পেয়েছেন সাড়ে ৫ লাখের বেশি মানুষ

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) সরকারি অর্থায়নে এ পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ১৪৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করেছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়কালে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪০০টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে। একই সময়ে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৫৮ হাজার ১০৮টি মামলায় সরকারি খরচে আইনি সেবা প্রদান করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আরও ৪ হাজার ৬৪০টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে।

এ সময়ে আইনি পরামর্শ সেবা পেয়েছেন মোট ৫ লাখ ৭৪ হাজার ২৭৮ জন। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে ২৭ হাজার ১৬৭ জন, জেলা পর্যায়ের লিগ্যাল এইড অফিস থেকে ৩ লাখ ২০ হাজার ৭৫৩ জন এবং শ্রমিক আইনগত সহায়তা সেল থেকে ২২ হাজার ১৫৩ জন পরামর্শ গ্রহণ করেন।

অন্যদিকে, সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল-ফ্রি নম্বর ১৬৬৯৯) এর মাধ্যমে আরও ২ লাখ ৪ হাজার ২০৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের সহায়তার জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন’ অনুযায়ী এই সেবা পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

এম জি