আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশন সূত্র জানায়, আদালত জানিয়েছেন রায়ের ভিত্তিতে তার সাজা কার্যকর শুরু হয়েছে। সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর তিনি আপিল করার সুযোগ পাবেন।
এর আগে গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় তার অবস্থান শনাক্ত করা হলে স্থানীয়রা তাকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এএন