বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করতে চান না।
রোববার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত পরিষ্কারভাবে বলেছেন-বিসিবির নির্বাচন নিয়ে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
এদিকে শনিবার ১৬ মে বিসিবির বর্তমান ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে আরেকটি পৃথক রিট আবেদন করা হয়। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।
রিট আবেদনটি করেন সাবেক ক্রিকেটার ও বিসিবির কয়েকজন কর্মকর্তা মিলিয়ে মোট ১২ জন। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।
এম জি