ঢাকার একটি আদালত সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার গত ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পর এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, পলক তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তদন্তে উঠে আসে, তাদের নামে প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে, যা ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ৩১টি ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য মিলেছে, যেখানে জমা ও উত্তোলনের পরিমাণ যথাক্রমে প্রায় ২২ কোটি ৯৪ লাখ টাকা এবং ১৭ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
দুদকের ধারণা, এসব অস্বাভাবিক আর্থিক লেনদেন মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এ কারণে ২০০৮-২০০৯ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত তাদের আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ ও জব্দ করা জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, তদন্ত চলমান থাকায় এসব নথি যদি সময়মতো সংরক্ষণ না করা হয়, তবে গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট বা গোপন হওয়ার ঝুঁকি রয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এম জি