পুলিশ

রামিসা হত্যা মামলায় নতুন নাম জুড়ে বিচার বিলম্বের চেষ্টা করছে সোহেল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৪৫ পিএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করতেই প্রধান আসামি সোহেল রানা ‘ডলার’ নামে নতুন এক ব্যক্তির সম্পৃক্ততার দাবি করেছেন বলে মনে করছে পুলিশ।

সোমবার (১ জুন) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, তদন্তে সোহেল রানা ও তার স্ত্রী ছাড়া অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ইতোমধ্যে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের দিন সোহেল রানাকে জানালার গ্রিল কেটে একাই পালিয়ে যেতে স্থানীয় অনেকেই দেখেছেন। কারাগারে কারও পরামর্শে বিচার বিলম্বিত করার উদ্দেশ্যে তিনি নতুন করে অন্য একজনের নাম সামনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার আদালতে সোহেল রানা দাবি করেন, তিনি ধর্ষণ করেননি, শুধু লাশ খণ্ডিত করেছেন। একইসঙ্গে ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। তবে পুলিশ বলছে, এ দাবি তদন্তে সমর্থন পায়নি।

এদিন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, গত ১৯ মে সোহেল রানা কৌশলে আট বছর বয়সী রামিসাকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে স্ত্রী স্বপ্নার সহায়তায় মরদেহ বিকৃত করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। একই মামলায় সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

এম জি