রিট খারিজ, নির্ধারিত সময়ে বিসিবির ভোট

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৩:০০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী।

বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

এরপর বিসিবির পক্ষে আইনজীবী জানান, আদালতের এ আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির সাবেক ছয়জন কাউন্সিলর নির্বাচন বাতিলের দাবিতে এ রিট দায়ের করেছিলেন।

এ নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন সংক্রান্ত মোট চারটি রিট খারিজ করলেন হাইকোর্ট। বোর্ডের আইনজীবীর দাবি, ধারাবাহিকভাবে রিট দায়েরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বর্তমানে দুবাই থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তাদের কাছেও বোর্ডের বর্তমান অবস্থা ও নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এর আগে গত ১৬ মে হাইকোর্টের গঠিত নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরবর্তীতে মোট ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

এম জি