সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে তুমুল আলোচনায় এসেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একাধিক মামলায় কারাবন্দী এই সাবেক প্রতিমন্ত্রীকে আজ ভিন্নধর্মী পোশাকে আদালত প্রাঙ্গণে দেখা গেছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় পলককে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় তাঁর গলায় চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত সার্ভিক্যাল কলার এবং কোমরে বিশেষ বেল্ট জড়ানো ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় আদালত প্রাঙ্গণ দিয়ে হেঁটে যাওয়ার এই দৃশ্যটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহমেদ পলক। বর্তমানে তাঁর বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, সাইবার নিরাপত্তা লঙ্ঘন ও বিপুল অঙ্কের অর্থ আত্মসাতসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন বা সম্পূর্ণ বন্ধ রেখে হত্যাকাণ্ডে সহযোগিতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচার কাজ চলছে।
এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পলক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির অভিযোগে কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনে এবং আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় অস্ত্র জমা না দেওয়ায় নাটোরে অস্ত্র আইন এবং স্থানীয় রাজনৈতিক সহিংসতার দায়েও তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে এসব মামলার নিয়মিত শুনানির অংশ হিসেবেই আজ এই ব্যতিক্রমী পোশাকে তাঁকে আদালতে হাজির করা হয়।
এএন