জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক মমতাজকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা এবং গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন তিনি। পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।
এম জি