চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১২:৪৭ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। দেশে ফেরার ঘোষণা কেবল স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।

ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ আকারে আদালতে দাখিল করা হবে।

এর আগে রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। তবে আদালতের দৃষ্টিতে তিনি বর্তমানে একজন পলাতক আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং বাকি দুটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

এম জি