আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা যায়, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে ঢাকায় এসেছিলেন। অভিযোগ রয়েছে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকেই তাকে তুলে নেওয়া হয়। পরে তাকে ভারতের সীমান্তবর্তী এলাকায় পাওয়া যায়। সে সময় ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। পরে একই বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সেই রায় পরিবর্তন করে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি মারা যান।
এম জি