শিশির মনির

রাষ্ট্রপতির বিচারে সংবিধানের ৫১ অনুচ্ছেদ বাধা নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১২:৩৪ পিএম

রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে দায়িত্ব শেষ হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা সম্ভব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তার মতে, এ ক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনো আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।

শনিবার (২৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শিশির মনির লেখেন, ‘রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা দায়িত্ব পালনকালে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তাহলে দায়িত্ব শেষ হওয়ার পর অবশ্যই আইন অনুযায়ী তার বিচার করা যাবে। এ ক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোনো বাধা নেই।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরও সাংবিধানিক ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার পদত্যাগের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

এম জি