বিজয়নগরে কাভার্ড ভ্যানসহ ২ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ২টা ১৫ মিনিটে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৬১ পিস ভারতীয় শাড়ি, ৪ হাজার ৪৮৬ পিস কসমেটিকস, ৯ হাজার ৭৮৪ পিস চকলেট, ৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা। জব্দ করা মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

জেএইচআর