দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে নিচু এলাকা ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা অন্যান্য দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে বিবেচিত হয়। আর এর চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হলে সেটিকে ‘অতি ভারী’ বৃষ্টি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সাতটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
অন্যদিকে, কয়েকদিন আগের টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এতে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে একই ধরনের পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এএন