টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক ফায়ারফাইটার নুরুল হুদার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৩:৫১ পিএম

টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য নুরুল হুদা মারা গেছেন।

বুধবার ভোর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২২ সেপ্টেম্বর তিনি শতভাগ দগ্ধ হন।

নুরুল হুদা (পি.এন: ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। 

তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। পিতা আব্দুল মনসুর ও মাতা শিরিনা খাতুনের সন্তান নুরুল হুদা বিবাহিত ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দেশ ও জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গকারী এই ফায়ারফাইটারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ইএইচ