ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১২:৩৪ পিএম

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিপাতের সুযোগ রয়েছে।

এতে আরও জানানো হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

ইএই