রাজধানী ঢাকায় আজ শনিবার সন্ধ্যায় পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার সংবাদকে জানান, ঠিক সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম দফায় ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়, যা শহরের ভেতর উৎপন্ন কম্পন হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এর মাত্র এক সেকেন্ড পর, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে, আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৪.৩ যার উৎপত্তিস্থল নরসিংদী জেলা।
রাজধানী ও আশপাশে অনেকেই টানা দুই দফা ভূকম্পনে আতঙ্কিত হয়ে ঘর-বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, এর আগের দিনও নরসিংদীর মাধবদী ও পলাশ এলাকায় ৫.৭ ও ৩.৩ মাত্রার দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ফলে একই অঞ্চল ও রাজধানীতে ধারাবাহিক ভূমিকম্পন কিঞ্চিৎ অস্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়া ও ভূকম্পন বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সাম্প্রতিক কম্পনগুলো মূল ভূমিকম্পের পূর্বাভাস নাও হতে পারে, তবে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে এটি নিশ্চিত।
তারা বলেন, বিশেষ করে ঢাকা শহরের ঘনবসতি, নিয়ম ভঙ্গ করে নির্মিত বিপুল সংখ্যক ভবন এবং নাজুক অবকাঠামো অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
প্রশাসন জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি জরুরি করণীয় সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
ইএইচ