স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) বিশেষ নিরাপত্তা সুবিধা কেবলমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এই সুবিধা খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
উপদেষ্টা আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে পোস্টাল ভোট গণনার সময় সাধারণ ভোটের সঙ্গে একযোগে গণনা করা হবে এবং ব্যালট পেপারে একাধিক সিল থাকলে তা বাতিল হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, পাঁচ সদস্যের একটি পুলিশ কমিশন অধ্যাদেশও অনুমোদন হয়েছে। কমিশনটি পুলিশের পেশাগত দায়িত্ব পালন, জনবান্ধব কার্যক্রম এবং অভিযোগগুলো নিয়ে সরকারকে সুপারিশ দেবে।
এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
গত কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পাওয়ার পর তিনি ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং দলের শীর্ষ নেতাদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা সংকটাপন্ন।
২ ডিসেম্বর তাকে ভিভিআইপি ঘোষণা করার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। ঘোষণার দিনই উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলে তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
জেএইচআর