অর্থ উপদেষ্টা 

রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:১৮ পিএম

রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাজে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনীতিবিদরা যদি ঠিক থাকেন, তাহলে সমাজে পচন ধরবে না, বরং দুর্নীতি কমবে।

মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে সিস্টেমকে উন্নত করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি। তিনি বলেন, দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে যাওয়া হতো এবং মানুষ ঘৃণা করত। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারত না। আর এখন আমরা লাফ দিয়ে যাই তাদের বিয়ে দিতে, সম্মান জানাতে। তিনি জোর দিয়ে বলেন, সমাজে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। বর্তমানে দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে।

আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, শাস্তি কি দেবেন? সারা জীবন কারাগারে থাকলেও সাজা দেওয়া হয় না। কারণ দেশের অনেক ক্ষতি তারা করে ফেলেছেন। তিনি বলেন, সমাজের সব ব্যক্তির পক্ষ থেকে দুর্নীতির তথ্য আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, শুধু শাস্তি দিয়ে পৃথিবীর কোথাও দুর্নীতি নির্মূল সম্ভব হয়নি। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ১৪-১৫ ধরনের দুর্নীতি রয়েছে, কিন্তু আমরা শুধু ঘুষ নিয়ে কাজ করছি। তিনি মনে করেন, দুর্নীতি এখন বিজ্ঞান হয়ে গেছে এবং নিত্য নতুন কৌশল দেখা যাচ্ছে।

অন্যদিকে, দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, সরকারি সব প্রকল্পের বিস্তারিত তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। এমনকি কোনো তথ্য হালনাগাদ হলেও তা জনগণকে জানাতে হবে। তিনি সতর্ক করে বলেন, টাকা একবার চুরি হয়ে গেলে তা উদ্ধার করা দুরূহ, তাই আগেই সচেতন হতে হবে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেএইচআর