ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রোববার এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বেসিস-এর সদস্য। তার মালিকানাধীন 'অ্যাপেল সফট আইটি লিমিটেড' কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত, যা ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক কাজ করে। এছাড়াও, ২০১৬ সালে বেসিস এবং সরকারের আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরির প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেডের মালিকও ফয়সাল করিম মাসুদ।
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে ফয়সাল করিম মাসুদ জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা আততায়ীর গুলিতে আহত হন ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন জায়গায় হাদির সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের চেহারার সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারার সাদৃশ্য থাকায় তাকে গুলি ছোড়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে।
বিভিন্ন সূত্র বলছে, ফয়সাল করিম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক এবং পরে এমবিএ করেছেন। হাদিকে গুলির ঘটনায় তার নাম আসার পর আওয়ামী লীগ আমলে বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার সঙ্গে তার ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ঢাকা–৮ আসনে হাদির গণসংযোগ এবং বাংলামোটরে হাদির প্রতিষ্ঠিত কালচারাল সেন্টারের আড্ডায় ফয়সালের অংশ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, ফয়সাল করিম ওসমান হাদিকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিলেন।
হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
ফয়সাল করিম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খানের 'আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটির' সদস্য ছিলেন।
জুলাই গণ–অভ্যুত্থানের পর গত বছরের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আদাবর থানায় করা মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। ওই মামলায় গত ৭ নভেম্বর র্যাব তাকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছিল। গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পান এবং গত ১২ আগস্ট নতুন করে এক বছরের জন্য জামিন বাড়ানো হয়। জামিনে থাকা অবস্থাতেই এবার তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার বিষয়টি সামনে এলো।
জেএইচআর