মহান বিজয় দিবস মঙ্গলবার। জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বসাধারণের আগমন ঘিরে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ চত্বর। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের ৮৪ একর চত্বরজুড়ে শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধনের কাজ। প্রধান ফটক থেকে শহীদ বেদী পর্যন্ত বাহারি ফুলের বাগান সেজেছে নান্দনিক সাজে। পায়ে হাঁটার পথের লাল ইটের হেরিংবোন প্যাটার্নে সাদা রঙের আঁচড়ে শুভ্র ও মনোমুগ্ধকর আভা ফুটে উঠেছে।
গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্তরে রঙ করা, চারা রোপণ, সিসি ক্যামেরা স্থাপনসহ আনুষঙ্গিক কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে চার হাজারের বেশি পুলিশ সদস্য।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, বিজয় দিবসে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয়, আমাদের সব ব্যবস্থা রয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় ১৯৭৮ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৮৮ সালে শেষ হয় জাতীয় স্মৃতিসৌধ।
জেএইচআর