ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল পৌনে ৯টার দিকে বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই আলামতগুলো উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, তাদের একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদঘাটন করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়।
মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত চালিয়ে সিটিটিসি জানতে পেরেছে যে, এটি সর্বমোট ৮ ব্যক্তির হাতবদল হয়েছে। মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে জনৈক শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং আনারুল হতে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি ক্রয় করেন।
সর্বশেষ এই মোটরসাইকেলটি হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে ক্রয় করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর