কুড়িগ্রামে তাপমাত্রা ১২ ডিগ্রিতে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:৩১ এএম

টানা পাঁচ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। 

মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। দৃষ্টিসীমা কমে আসায় সড়কে যানবাহনগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। শীত থেকে বাঁচতে গ্রামীণ জনপদে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেককে।

যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) তার দুর্দশার কথা তুলে ধরে বলেন, কয়েক দিন ধরি খুব ঠান্ডা আর কুয়াশা। ঘর থাকি বের হওয়া যায় না, কিন্তু বের না হইলে বউ-বাচ্চাক কি খাওয়ামো? রাস্তায় মানুষ নাই, সকাল থাকি বসে আছি একটাও ভাড়া পাই নাই। বাজার নিয়ে বাড়ি না গেলে ছাওয়া-পোয়াগুলা না খেয়ে থাকপে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিন কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে এবং মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শীতার্তদের জন্য সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

জেএইচআর