তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ এবং কার্গো খালাসে বিলম্বের কারণে রাজধানীসহ তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
শুক্রবার দুপুরে এক জরুরি বার্তায় গ্রাহকদের এই সংকটের কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ আকস্মিক হ্রাস পাওয়ায় আজ শুক্রবার সকাল ৬টা থেকে আগামী রোববার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত এই সমস্যা স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে তিতাসের আওতাধীন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকবে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি কারণে সরবরাহ ব্যবস্থায় এই সাময়িক বিঘ্ন ঘটছে। কার্গো আসার প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ শেষ হলে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে ছুটির দিনে হুট করে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে বিপাকে পড়েছেন অনেক গ্রাহক। গ্রাহকদের এমন অনাকাঙ্ক্ষিত ও সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ইএইচ