দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বিকেলেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এদিন বিকেল থেকেই সাভার, আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢলে স্মৃতিসৌধ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার-ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে একনজর দেখতে জমায়েত হন। জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে পুলিশ, বিজিবি ও আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর ৩০০ ফিট এলাকায় এক বিশাল গণসংবর্ধনায় অংশ নেন। ওই দিন রাতেই তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন।
শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি তার শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্ন করেন।
ইএইচ