এলজিইডির ক্রিলিকের সঙ্গে ৫টি পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:০৪ পিএম

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং টেকসই অবকাঠামো বিনির্মাণে গবেষণা ও স্টাডি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৫টি পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। 

মঙ্গলবার এলজিইডির ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্পের আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো বিদ্যমান নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিকায়ন, ভিডিও ডকুমেন্টারি তৈরি এবং বিভিন্ন প্রিন্ট উপকরণের ডকুমেন্টেশনের জন্য প্রয়োজনীয় ফ্যাক্টশিট প্রস্তুত করবে।

এছাড়া তারা প্রশিক্ষণ ম্যানুয়াল বা উপকরণগুলোকে ছয়টি অ্যানিমেটেড এবং ইন্টারঅ্যাক্টিভ ই-লার্নিং কন্টেন্টে রূপান্তর করবে। দ্রুত জলবায়ু প্রভাব মূল্যায়নের পাশাপাশি জলবায়ু সহনশীলতা বিবেচনায় রেখে অবকাঠামো নির্মাণের মানদণ্ড, পদ্ধতি এবং নির্দেশিকাগুলোর সমন্বয় সাধনও এই গবেষণার অন্যতম লক্ষ্য।

এই প্রকল্পের আওতায় বিগত ৩০ বছরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হবে। এর মাধ্যমে উপকূলীয় উপজেলাগুলোতে সময়ের সাথে সাথে দুর্যোগের প্রকৃতি পরিবর্তন এবং ক্ষয়ক্ষতির হার বৃদ্ধির চিত্র খুঁজে বের করা হবে। পাইলট জেলা হিসেবে বরগুনা, ভোলা ও সাতক্ষীরার গ্রামীণ রাস্তা, কালভার্ট বা অন্যান্য স্থাপনা তৈরিতে বর্তমানে কী ধরনের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে, তার একটি সঠিক চিত্র এই গবেষণায় উঠে আসবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ৫টি পরামর্শক ফার্মের পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া এলজিইডির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন, ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক এবং ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও তন্ময় চক্রবর্তীসহ ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ