সাবেক হিট অফিসার বুশরাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:২২ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের কন্যা ও প্রথম প্রধান তাপ কর্মকর্তা বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। 

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

জুলাই আন্দোলনের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে, তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত।

ক্ষমতার অপব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যরা জড়িত, এরকম অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জেএইচআর