ধর্ম উপদেষ্টা

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৪১ পিএম

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না। 

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও মিতব্যয়িতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজযাত্রীরা হজের খরচ নির্বাহ শেষে তিন কোটি টাকারও বেশি ফেরত পাবেন। গত দেড় বছরে হজ ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বিমান ভাড়া ও অন্যান্য সেবার ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সফল নেগোশিয়েশন করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। ক্রমাগত প্রচেষ্টার ফলে ২০২৬ সালে এই ভাড়া কমে ১ লাখ ৫৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। দুই বছরের ব্যবধানে বিমান ভাড়া প্রায় ৪০ হাজার টাকা হ্রাস করা বর্তমান প্রশাসনের একটি বড় অর্জন বলে দাবি করেন উপদেষ্টা।

এ বছর সাধারণ মানুষের সুবিধার্থে ৩টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সীমিত আয়ের মানুষের জন্য ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার একটি সাশ্রয়ী প্যাকেজও রয়েছে। এ ছাড়া এবার প্যাকেজ-৩ এর হাজিদের আবাসন হারাম শরীফের দেড় কিলোমিটারের মধ্যে নিশ্চিত করা হয়েছে।

হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে 'লাব্বাইক' মোবাইল অ্যাপ, বিশেষ রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের একটি মেডিকেল সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে সব হাজি এবার বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা জানান, এরই মধ্যে ১৬৩ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে এবং পদোন্নতি দেওয়া হয়েছে ৬১ জনকে। মামলাজনিত কারণে আটকে থাকা বাকি ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর