নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- নৌ-পুলিশ প্রধান কুসুম দেওয়ান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ আগে থেকেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআর পদে) এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। কুসুম দেওয়ান ২০২৪ সালের অক্টোবর থেকে নৌ-পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা নিয়মিত অবসরজনিত সকল সুবিধাদি প্রাপ্য হবেন।
জনপ্রশাসনে সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেএইচআর