ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত হয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হলে দর্শক গ্যালারিতে তাঁর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ড. ইউনূসের সঙ্গে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যরা সকাল ১০টা থেকেই অধিবেশন কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। স্পিকারের আসনের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পূর্ণ ছিল।
অধিবেশন চলাকালীন দর্শক গ্যালারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং তারেক-কন্যা জাইমা রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান সিঁথি। গ্যালারির দ্বিতীয় সারিতে আসন গ্রহণ করেন প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা এবং ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু।
অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বাম পাশের গ্যালারিতে বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বিশেষ অতিথি হিসেবে দর্শক গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক নুর মুহাম্মদ।
উল্লেখ্য, এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশাপাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা কার্যক্রমের সূচনা করেন। এ সময় সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো সংসদ কক্ষে প্রবেশ করেন তারেক রহমান। সংসদীয় রীতি অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।
জেএইচআর