ডিএমপি কমিশনার

ঈদে যানজট এড়াতে ট্রাক–কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০২:১৫ পিএম

রাজধানীতে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

শনিবার গাবতলী বাস টার্মিনাল-এ বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হবে এবং কোনো লক্কড়ঝক্কর বা ফিটনেসবিহীন বাস রাস্তায় চলতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি নিয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

এএন