স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০২:৪১ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। 

সোমবার বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অংশ নেন।

জানাজায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাঁর স্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান। উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর