শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন ৩ শিক্ষার্থী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:১৯ পিএম

জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অনুরোধে অবশেষে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে।

জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গুম প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে বুধবার আমরণ অনশনে বসেন এই শিক্ষার্থীরা। 

শনিবার শহীদ পরিবারের সদস্যরা ডাবের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

বিকাল ৩টার দিকে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবা এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান এবং গণভোট বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন। একইসঙ্গে শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানান।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই সনদের বাস্তবায়ন এবং গুম প্রতিরোধে জরুরি অধ্যাদেশ পাসের দাবিতে প্রথমে একজন শিক্ষার্থী অনশনে বসেন। পরবর্তীতে আরও দুইজন শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

এম জি