দেশে হাম রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির আওতায় সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, যেখানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সব মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়, যা ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে কার্যক্রম শুরু হয়, যা ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
এছাড়া আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য অঞ্চলে ১২ মে পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এম জি