আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ এবং বিদ্যালয়ের নির্ধারিত পোশাক বিতরণ করা হবে। পাইলট কর্মসূচি হিসেবে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হবে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জুলাইয়ের শুরু থেকে ধাপে ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
প্রাথমিকভাবে প্রথম মাসে এক লাখেরও বেশি শিক্ষার্থীর হাতে পাটজাত ব্যাগ ও বিদ্যালয়ের পোশাক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের উৎপাদিত পণ্য ব্যবহার বাড়ানো এবং তা সারাদেশে ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, যাতে ধনী ও দরিদ্রের ব্যবধান কমে আসে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে একই ধরনের ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়া হবে।
সরকারের এই উদ্যোগের আরেকটি উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা হবে এবং পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ বাড়ানো হবে।
এম জি