পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সৌদি আরব পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ২৯ হাজার ২৪৮ জন। হজযাত্রীদের পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদি এয়ারলাইন্সের ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত ২২ এপ্রিল মক্কায় মারা গেছেন ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি সূচি অনুযায়ী, আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।
জেএইচআর