স্পিকার

ত্রয়োদশ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৫৯ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

রোববার স্পিকারের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের যেকোনো সংকট মোকাবেলায় সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক শক্তি একত্রে কাজ করার চেষ্টা করে, যা সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পর ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি, সংসদে নারী প্রতিনিধিত্ব এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়।

স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্যরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি