দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন ধরে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দীর্ঘ সময়ের তাপপ্রবাহের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজসহ আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আগামী বুধবার দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারও প্রায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার সারাদেশেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এএন