সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের ভিভিআইপি মর্যাদা কমিয়ে ৬ মাস করল সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৫৮ পিএম

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার পর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি মর্যাদা ভোগের সময়সীমা কমিয়ে ৬ মাস নির্ধারণ করেছে সরকার। গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদ এক বছর করে প্রজ্ঞাপন জারি করেছিল।

নতুন প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি সুবিধার মেয়াদ এক বছরই বহাল রাখা হয়েছে। অর্থাৎ, আগামী ১৬ আগস্ট পর্যন্ত তিনি এই মর্যাদা ভোগ করবেন। তাঁর ক্ষেত্রে এই সময়সীমা কমানোর বিষয়ে প্রাথমিক আলোচনা ও প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্তটিই অক্ষুণ্ণ রেখেছে। তবে পরবর্তী সময়ে দায়িত্ব ছাড়বেন এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাদের জন্য ৬ মাসের সময়সীমা কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ক্ষমতা বলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নথিপত্র অনুযায়ী, ২০০১ সালে এই সুবিধার মেয়াদ এক বছর থাকলেও ২০০২ ও ২০০৬ সালে তা কমিয়ে ৩ মাস করা হয়েছিল। সেই পূর্বদৃষ্টান্তগুলো বিবেচনা করেই বর্তমান সরকার ৬ মাসের একটি স্থায়ী সময়সীমা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে।

২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর প্রধান উপদেষ্টার পদে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ঠিক দুদিন আগে তিনি নিজের জন্য এক বছরের ভিভিআইপি মর্যাদার প্রজ্ঞাপন জারি করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২৩ এপ্রিল নতুন নির্দেশনার মাধ্যমে সেই মেয়াদ সংশোধন করে ভবিষ্যতে দায়িত্ব ছাড়বেন এমন ব্যক্তিদের জন্য সময়সীমা অর্ধেক কমিয়ে আনল।

জেএইচআর