শ্রমজীবী মানুষের উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শুক্রবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, শ্রমজীবী মানুষের পরিশ্রমই একটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির মূল ভিত্তি। তাদের শ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো এবং একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা-এসব বিষয় দায়িত্বশীল গণতান্ত্রিক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, শ্রমবান্ধব নীতি গ্রহণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মাহদী আমিন স্মরণ করেন যে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও শ্রমিকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছিলেন এবং তাদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় পরবর্তী সরকারগুলোও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করেছে।
তিনি দাবি করেন, দেশের অর্থনীতির বর্তমান অগ্রগতির পেছনে বিএনপি সরকারের নীতিমালার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
বাকস্বাধীনতা ও মানবাধিকারের ক্ষেত্রে সম্মিলিত অবস্থানকে তিনি জনগণের ক্ষমতায়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগামীতেও সরকারের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
মাহদী আমিন আরও জানান, নারীর ক্ষমতায়ন, যুবসমাজের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে একটি টেকসই উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এম জি