ডিএমপি কমিশনার

জাল নোট লেনদেন ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:৫৭ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জাল নোটের লেনদেন ঠেকাতে ব্যাপক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

বুধবার সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জাল নোট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। এসব অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ অভিযানও পরিচালনা করা হবে। পাশাপাশি হাটে জাল নোট শনাক্ত করার জন্য বিশেষ মেশিন স্থাপন করা থাকবে।

হাটের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও জানান, গাবতলী পশুর হাট ও এর আশপাশের সড়কজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হাটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

এম জি