হাম প্রতিরোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ১১:২৪ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তিনি সরকারকে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি’ হলে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা চাই না হামের কারণে আর একটি শিশুও মৃত্যুবরণ করুক। সরকারকে বলবো, আপনারা পর্যাপ্ত চিকিৎসাসেবা বৃদ্ধি করুন। হামে প্রতিরোধে ব্যবস্থা নিন।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন।

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় সেখানে ঘটে যাওয়া পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে তিনি এটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে চায় না।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং ভোটাধিকার থেকে বিরত রাখা হয়েছে, যাদের অধিকাংশই মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ। নির্বাচনের পরও সেখানে মুসলমান, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশবিরোধী ও দেশের স্বার্থবিরোধী শক্তি নানা উসকানি ও সাম্প্রদায়িক অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এমন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, দলিত ও মতুয়া সম্প্রদায়সহ সব মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত থাকবে।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ভেতরে কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, বাংলাদেশে আবার সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলা করতে হবে। জুলাই গণহত্যা ও সংস্কার বাস্তবায়নে এনসিপিকে সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই ভূমিকা রাখতে হবে।

নারীদের আন্দোলন-সংগ্রামে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজপথে থেকে আন্দোলনে অংশ নেওয়া নারীদের অধিকার রক্ষায়ও কাজ করতে হবে।

এম জি