পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির সুবিধা দিতে সরকারি কর্মসূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে নির্ধারিত সাপ্তাহিক ছুটির দুদিন সরকারি অফিস খোলা রাখা হবে।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার সরকারি অফিস চালু রাখা হবে।
এদিকে বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নীতিমালায় সারা দেশে স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা ও নিরাপদ টয়লেট ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও তথ্য মন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ নেবে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী-পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হবে।
টয়লেট বর্জ্য ব্যবস্থাপনাতেও কঠোর নির্দেশনা রাখা হয়েছে। সেপটিক ট্যাংক ছাড়া কোনো টয়লেট স্থাপন করা যাবে না এবং বর্জ্য যেন নদী বা জলাশয়ে গিয়ে পরিবেশদূষণ সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, নীতিমালার বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করতে হবে।
এএন