নতুন বই সময়মতো ও সুন্দরভাবে ছাপানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে।
শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের কাগজের নিম্নমান কিংবা মুদ্রণে ত্রুটি শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহী করে তোলে। তিনি নোট ও গাইড বই থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরির প্রবণতা বন্ধ করারও আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী বছর থেকে অমর একুশে বইমেলা আয়োজনের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকেও যুক্ত করা হবে।
এ সময় প্রকাশকরা প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার আহ্বানও জানান তারা।
এম জি