পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও শৃঙ্খলার ওপর। বিভিন্ন জাতীয় আয়োজন ও ক্রান্তিকালীন সময়েও পুলিশ বাহিনীর নৈর্ব্যক্তিক, পেশাদার ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। এ জন্য তিনি পুলিশ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন দিন দিন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, চরিত্র হনন, জনবিশৃঙ্খলা সৃষ্টি, আর্থিক প্রতারণা, জঙ্গিবাদ, মাদক পাচার ও মানবপাচারের মতো অপরাধ সংঘটিত হচ্ছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিকসসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, সেবামুখী মানসিকতা গড়ে তোলা এবং মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।
এম জি