ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৭:৩৮ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় দুর্ঘটনা এড়াতে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এলাকাভিত্তিক সম্ভাব্য চিত্রটি নিচে দেওয়া হলো-

সিলেট বিভাগ: বিকেল ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যা ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সব এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা বিভাগ: দুপুর ৩টা থেকে রাত ১০টার মধ্যে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে।

রংপুর বিভাগ: দুপুর ২টা থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া শুক্রবার রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী ও বরিশাল বিভাগ: রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, বিকেল ৩টা থেকে রাত ১০টার মধ্যে বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে।

খুলনা বিভাগ: এই বিভাগের জেলাগুলোতে শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।