প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:২৪ এএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিনব্যাপী এই সফরে তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমান জানান, সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রা চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সফরসূচি অনুযায়ী, চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিতব্য এই পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কুমিল্লা ও আশপাশের জেলার নেতাকর্মীরাও সেখানে অংশ নেবেন বলে জানা গেছে।

এরপর দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোরদ্দা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা ও কৃষিকাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের প্রত্যাশা, পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও কৃষিবান্ধব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সরকার বিভিন্ন অঞ্চলে খাল ও জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খাল পুনঃখনন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, শুকনো মৌসুমে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বা পারিবারিক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পারিবারিক কার্ড বিতরণ করা হবে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপকারভোগীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সন্ধ্যার আগে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির একটি সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫টায় শুরু হওয়া এই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এই সভার মূল উদ্দেশ্য। আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের দিকনির্দেশনাও দিতে পারেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন টানানো এবং নেতাকর্মীদের স্বাগত প্রস্তুতি চোখে পড়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এএম/জেএইচআর