ক্রীড়া প্রতিমন্ত্রী

পুলিশকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিচ্ছে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:০৫ পিএম

রাজধানীর পল্লবীতে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দিচ্ছে, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

শনিবার পল্লবী পুরাতন থানার সামনে অবস্থিত পল্লবী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ সময় ধরে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠানটি দুর্বল হয়ে পড়েছিল। এখন সরকার এমন পরিবেশ তৈরি করছে, যেখানে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে অপরাধ দমন করতে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। সাধারণ মানুষকে তথ্য দিয়ে এবং সচেতন ভূমিকা রেখে পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের সক্রিয় সহায়তা ছাড়া মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাস পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন।

আমিনুল হক বলেন, তিনি সবসময় নাগরিকদের আইন-শৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সামাজিক আয়োজন কিংবা রাজনৈতিক কর্মসূচি-সব ক্ষেত্রেই তিনি জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তার মতে, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো বাহিনীর পক্ষেই কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

এম জি